ঝড়ে উপড়ে পড়া গাছ রাতারাতি লোপাট
রাতে কালবৈশাখীর ঝড়ে উপড়ে পড়েছে অনেক গাছ। কিন্তু সকালে বাড়ি থেকে বের হয়ে চোখ কপালে ওঠে এলাকাবাসীর। আগের রাতে যে বড় ধরনের ঝড় হয়েছে তার চিহ্ন বিশেষ নেই। এলাকার রাস্তাঘাট সব ফাঁকা। কে বা কারা সব গাছ কেটে নিয়ে গেছে।
কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া বহু গাছ রাতারাতি লোপাট হওয়ার এই ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জে।
উপজেলার সাত-আটজন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে এ উপজেলার ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়, তাতে উপড়ে পড়ে অসংখ্য গাছ। আড়াআড়ি গাছ পড়ে অনেক সড়ক বন্ধ হয়ে যায়। পুরোপুরি না ভাঙলেও নুইয়ে পড়ে বহু গাছ। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই রাতের অন্ধকারে উধাও হয়ে যায় এসব গাছ। গোড়া থেকে কেটে গুঁড়ি, ডালপালাসহ গাছগুলো নিয়ে চম্পট দিয়েছে এক শ্রেণির মানুষ।
উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘আমার ইউনিয়নে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক গাছ উপড়ে পড়েছে। ঝড় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণির মানুষ উপড়ে পড়া এসব গাছ কেটে নিয়ে গেছে।’ একই ধরনের কথা বলেন দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম।