ঝড়ে ভাঙল ডাল, সাবাড় হলো গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এ রকম প্রায় ৮২টি গাছ কেটে ফেলেছে কলেজ প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুরে কলেজের শহীদ তিতুমীর হলের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এ রকম প্রায় ৮২টি গাছ কেটে ফেলেছে কলেজ প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুরে কলেজের শহীদ তিতুমীর হলের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

ঝড়ে ডালপালা ভেঙেছে কিছু গাছের। উপড়েও পড়েছে কয়েকটি। আর সেই সুযোগে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ৬৩ একর আয়তন-বিশিষ্ট চত্বরের প্রায় ৮০ থেকে ৯০টি মূল্যবান গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে।
অভিযোগ উঠেছে, ২৫ থেকে ৩০ বছর বয়সী এসব গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান কিংবা প্রকাশ্য নিলাম না করে পছন্দের ঠিকাদারের মাধ্যমে তা কেটে বেশির ভাগ অর্থই লোপাট করা হয়েছে। বন বিভাগের সঙ্গে যোগসাজশ করে কাগজে-কলমে নিলাম দেখিয়ে গাছ বিক্রির বেশির ভাগ অর্থই লোপাট করেছে কলেজ প্রশাসন। ট্রেজারি চালানের মাধ্যমে গাছ বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও বিক্রির টাকা লেনদেন হয়েছে হাতে হাতে। পরে যৎসামান্য টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় কাঠ ব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, কেটে নেওয়া এসব গাছের প্রতিটির দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। সেই অনুযায়ী ৮০টি গাছের দাম প্রায় ১৫ লাখ টাকা।
কলেজ প্রশাসন সূত্র জানায়, ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ বিক্রির জন্য উপাধ্যক্ষ শিরিনা এনামকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে দেন অধ্যক্ষ। ওই কমিটি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান না করে একজন কাঠ ব্যবসায়ীর কাছে ৭৪টি গাছ বিক্রি করে দেন। শুধু ক্ষতিগ্রস্ত গাছ কাটার কথা থাকলেও ওই কাঠ ব্যবসায়ী এক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত গাছের পাশাপাশি তাজা ও সবল গাছও কেটে সাবাড় করেন।
নিলাম কমিটির আহ্বায়ক ও সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ শিরিনা এনামও স্বীকার করেন, সরকারি প্রতিষ্ঠানের মালামাল নিলামে বিক্রির অর্থ ট্রেজারি চালানের মাধ্যমেই কোষাগারে জমা নেওয়ার নিয়ম। সেটা না হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, বন বিভাগের দেওয়া প্রতিবেদনে ঝড়ে দুই ভবনে ৭৪টি গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। এসব গাছের বাজারমূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৬৭ হাজার টাকা। দরপত্র আহ্বান না করা হলেও তা ১ লাখ ৭২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, ছায়াঢাকা কলেজ চত্বর থেকে প্রায় ১০০ গাছ কেটে সাবাড় করার পর এখন গোটা চত্বর খাঁ খাঁ করছে। কলেজের শের-ই-বাংলা হলের সামনে কথা হয় স্থানীয় বাসিন্দা ভুট্টা মিয়ার সঙ্গে। তিনি বলেন, হলের সামনে-পেছনে তিন-চারটি গাছ ঝড়ে উপড়ে পড়েছিল। অথচ গত কয়েক দিনে হলের পেছনের তিনটি মোটা তাজা জামগাছ এবং সামনের তিনটি তাজা ইউক্যালিপটাসগাছও কেটে ফেলা হয়েছে। একইভাবে শহীদ আকতার আলী মুন হলের সামনে কথা হয় চার-পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঝড়ে ভেঙেছে ডাল। সেই সুযোগে এই হলের সামনে ১০ থেকে ১২টি মূল্যবান গাছ কেটে সাবাড় করা হয়েছে।
কলেজের কলা ভবনের পেছনে গিয়ে দেখা গেছে, কয়েকটি মোটা গাছ কেটে নেওয়ার পর গাছের গোড়া কারও যাতে নজরে না পড়ে সে জন্য মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানেও শিক্ষার্থীরা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত না হলেও জীবিত কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে।
কলেজ ছাত্র সংসদ ও মসজিদসংলগ্ন সড়কে ঝড়ের পর থেকেই এখনো মোটা একটি গাছ পড়ে আছে। সেই গাছ কাটা না হলেও পাশেই আরেকটি তাজা ও মোটা রেইনট্রি গাছ করাত দিয়ে কাটছিলেন শ্রমিকেরা। শ্রমিক রফিকুল ইসলাম জানান, যে গাছ তাঁরা কাটছেন তার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা। তিনি বলেন, শহরের চেলোপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী মিলন মিয়ার হয়ে এক সপ্তাহ ধরে তাঁরা কলেজ চত্বরে গাছ কাটছেন।
কাঠ ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ‘৭০টি গাছ সাড়ে তিন লাখ টাকায় কেনা হয়েছে। এসব গাছের অর্ধেক ঝড়ে উপড়ে পড়েছে, অর্ধেক ডালাপালা ভেঙেছে।’ তিনি জানান, ট্রেজারি চালানের মাধ্যমে এই টাকা জমাদানের নিয়ম থাকলেও কলেজ প্রশাসন তা হাতে-হাতে জমা নিয়ে কার্যাদেশ দিয়েছেন। কার্যাদেশ অনুযায়ীই গাছ কাটা হচ্ছে, এর বাইরে কোনো গাছ কাটা হয়নি।
নিলাম কমিটির সদস্য ও রসায়ন বিভাগের সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ দাবি করেন, মিলন মিয়া নামে কোনো ঠিকাদারের কাছে গাছ বিক্রি করা হয়নি। ১ লাখ ৭২ হাজার টাকায় গাছ কিনেছেন রতন সাহা নামের এক ব্যবসায়ী। যথানিয়মে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম প্রথম আলোকে বলেন, ‘ঝড়ের পর কলেজের ক্ষতিগ্রস্ত গাছ ও ডালপালা চুরি হয়ে যাচ্ছিল। চুরি ঠেকাতে বন বিভাগকে চিঠি দিয়ে বাজারদর নির্ধারণ করে কমিটির মাধ্যমে তা বিক্রি করা হয়েছে। বন বিভাগ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে যেসব গাছ কাটার সুপারিশ করেছিল ওই গাছ বাদে তাজা কোনো গাছই বিক্রি করা হয়নি।’