ঝর্ণার চলে যাওয়া দেখা ছাড়া কিছুই করার ছিল না পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝর্ণা রানী ভৌমিক
ঝর্ণা রানী ভৌমিক

ঈদের সকাল! ভৌমিক বাড়ির কর্ত্রী ঝর্ণা রানী ভৌমিকও সেমাই রেঁধেছেন। রুটি বানানোর জন্য ময়দা মাখাচ্ছিলেন। এমন সময় চারদিকে গোলাগুলি। দরজা-জানালা বন্ধ করে সবাই ঘরের ভেতরে মেঝেতে শুয়ে আছেন। তখনই কী একটা প্রয়োজনে রান্নাঘর থেকে শোয়ার ঘরে যান ঝর্ণা। ঠিক সে সময়ই বন্ধ জানালা ভেদ করে আসা একটি গুলি মাথায় এসে লাগে তাঁর। ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। মেঝে ভেসে যায় রক্তে। বাইরে গোলাগুলি। পরিবারের সদস্যদের তাকিয়ে তাকিয়ে তাঁর চলে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। স্বামী গৌরাঙ্গ নাথ ভৌমিকের হাতে থাকা ঝর্ণার দেহ ক্রমেই নিথর হয়ে আসে।
গত বৃহস্পতিবার ঈদের দিন সকালে শোলাকিয়ায় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ের সময় এভাবেই প্রাণ হারাতে হয় ঝর্ণা রানী ভৌমিককে (৪২)।
গৌরাঙ্গের বড় ছেলে বাসুদেব ভৌমিক ঢাকার একটি কলেজে শিক্ষকতা করেন। ছুটিতে বাড়ি এসেছেন। রান্নাঘরে মায়ের রান্না করা সেমাই আর ময়দার গোলা দেখিয়ে বাসুদেব বলছিলেন, ‘কেমন করে বিশ্বাস করব, মা নেই! মায়ের ঘরটা ভেসে গেল মায়েরই রক্তে।’ বাসুদেব চোখ মোছেন; একে-ওকে মায়ের রান্না করা শেষ খাবারটা দেখান আর বলেন, ‘আমরা তো কারও সাতে-পাঁচে ছিলাম না। তবু আমার মাকে এভাবে মরতে হলো!’

কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির সময় ঘরের ভেতর মাথায় গুলি লেগে নিহত ঝর্ণা রাণী ভৌমিকের জন্য স্বজনদের আহাজারি। ছবিটি গত বৃহস্পতিবার রাতের l প্রথম আলো
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির সময় ঘরের ভেতর মাথায় গুলি লেগে নিহত ঝর্ণা রাণী ভৌমিকের জন্য স্বজনদের আহাজারি। ছবিটি গত বৃহস্পতিবার রাতের l প্রথম আলো

ওই দিন ঘটনাস্থলে থাকা পুলিশ এবং ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, হামলা চালানোর পর মোহাম্মদ আলী মসজিদের শৌচাগারকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের সঙ্গে গুলি বিনিময় করছিল দুই জঙ্গি। একপর্যায়ে দুই জঙ্গি পিছু হটে পূর্ব দিকে একটি গলিতে ঢুকে পড়ে। গলির যে জায়গায় তারা অবস্থান নিয়েছিল, তার পেছনেই ঝর্ণা রানী ভৌমিকদের বাসা।
ঘটনার বর্ণনা দিয়ে গৌরাঙ্গ নাথ ভৌমিক গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে হবে। বাইরে গোলাগুলির শব্দ শুনতেছি। সবাই দরজা জানালা লাগাইয়ে বসে আছি। ও (ঝর্ণা) বড় ছেলের জন্য সেমাই রান্না করতে না কী জন্য দাঁড়াইছে। ওই সময় মাথায় গুলি লাগে। এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে গুলি বের হয়ে যায়। আমার হাতের ওপরই সে মারা যায়।’
গৌরাঙ্গ বলেন, তাঁর ছোট ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এখন মা ছাড়া এই ছেলের ভবিষ্যৎ নিয়েই তিনি বেশি চিন্তিত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ঝর্ণা রানী ভৌমিকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে চিতায় দেওয়া হয়।