
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিপক্ষের হাতে নিজেদের এক কর্মী প্রহৃত হওয়ার প্রতিবাদে নগরে শাটল ট্রেন ও শিক্ষক বাসসহ বিশ্ববিদ্যালয়গামী তরী (ছোট পরিবহন) আটকে দেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটি শেষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে এ ঘটনা ঘটে।
এদিকে প্রতিপক্ষের কর্মীকে মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের পক্ষ দুটি হলো ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ। আধিপত্য বিস্তার নিয়ে পক্ষ দুটির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনা চলে আসছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে যান সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের কর্মী মিঠুন চৌধুরী। পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর পরই ইঞ্জিনিয়ারিং অনুষদের ভেতরে তাঁর ওপর হামলা চালান ভিএক্স পক্ষের কর্মী শাহরিদ শুভ ও জোবায়ের হোসেনসহ বেশ কয়েকজন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
এদিকে বিষয়টি জানাজানি হলে হাটহাজারীর ফতেয়াবাদ ও নগরের ষোলশহর রেলস্টেশনে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং শাটল ট্রেন আটকে দেন।
বিকেল পাঁচটায় ষোলশহর স্টেশনে শাটল ট্রেন আটকে ও রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরবিরোধী স্লোগান দেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
ভোগান্তির শিকার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, শাটল ট্রেন, শিক্ষক বাস ও তরী চলাচল না করায় ক্যাম্পাসের সঙ্গে নগরের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে দ্বিগুণ ভাড়া দিয়ে নগর থেকে ১৮ কিলোমিটার দূরে ক্যাম্পাসে যেতে বাধ্য হন।
এ বিষয়ে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতা অমিত কুমার বসু ও সুমন মামুন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সবুজসংকেত পেয়ে মিঠুন পরীক্ষা দিতে যান। তার পরও তিনি হামলার শিকার হলেন। তাঁরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে।
তবে ভিএক্স পক্ষের নেতা রাশেদ হোছাইন বলেন, ‘আমাদের কেউ তাঁদের ওপর হামলা করেনি।’
হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, ‘পরীক্ষায় অংশ নিতে সকালে আমরা মিঠুন চৌধুরীকে হলে ঢুকিয়ে দিয়েছিলাম। পরীক্ষা চলাকালেও আমরা অনুষদের বাইরে গেটে অবস্থান করেছিলাম। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগে কয়েকজন ঢুকে তাকে মারধর করেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘মিঠুন চৌধুরীকে মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের আদেশে শাহরিদ শুভ ও জোবায়ের হোসেনকে সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।’