ঝালকাঠি ও সিরাজগঞ্জে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি ও সিরাজগঞ্জের দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনাই ঘটেছে শনিবার রাতে। 

ঝালকাঠি প্রতিনিধি জানান, সদর উপজেলার পোনাবালিয়া বাজারসংলগ্ন সর্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মন্দির কমিটির সদস্য লিটন শীল বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। এ সময় মন্দিরের সীমানাপ্রাচীরের খাম্বা উপড়ে ফেলে এবং পূজায় ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। আজ সকালে মন্দির কমিটির লোকজন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চক ফুলকোচা গ্রামে কুণ্ডুবাড়ি কালীমন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
মন্দির কমিটির সভাপতি অধীর কুমার কুণ্ডু বলেন, আজ সকাল সাতটার দিকে মন্দিরে প্রার্থনা করতে গেলে কালী ও শীতলা ঠাকুর প্রতিমা দুটির মাথা ভাঙা অবস্থায় দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে জানানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দুটি প্রতিমার মাথা ভেঙে ফেলে সে অংশটুকু নিয়ে যায়। আজ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অধীর কুমার কুণ্ডু বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং ঘটনাস্থল পরিদর্শন করেন।