ঝালকাঠি শহরে কালীমন্দিরে হামলা
ঝালকাঠি শহরের বারচালা এলাকায় কালীবাড়ি মন্দিরে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম রাত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাতে কার্তিক পূজা শেষ হওয়ার পর কিছু লোক মন্দির লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশকেও লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।’ ওসি বলেন, জমি নিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় ছয়জন ব্যবসায়ীর মামলা ও বিরোধ আছে। এই ছয়জনের মধ্যে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। এর জের ধরেই এ হামলা হতে পারে বলে তিনি ধারণা করছেন। ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থলে আছেন।
হামলায় মন্দিরের একটি প্রতিমার মাথা ভেঙে গেছে বলে পুলিশ জানিয়েছে।
কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার বলেন, মন্দিরের পাশের দোকান মালিকদের সঙ্গে একটি মামলা চলছে। এ কারণে তাঁরা এ হামলা চালিয়ে থাকতে পারেন।