ঝালকাঠি জেলা, সদর ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এক পক্ষের নেতা-কর্মীদের হামলায় এক সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে শহরের কালীবাড়ি সড়কে নতুন কমিটির সভাপতি শফিকুল ইসলামের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালীবাড়ি সড়কের ব্যবসায়ী রিপন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি শাহ আলম, পৌর ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক নাদিম মাহামুদ, যুবলীগ কর্মী মিলন সিকদার ও মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঝালকাঠি জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করে। শফিকুল ইসলামকে সভাপতি ও এস এম আল আমিনকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি অনুমোদন করা হয়। এ ছাড়া পারভেজ মাহামুদকে সভাপতি ও রাহাত মোল্লাকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি এবং জুবায়ের আহমেদকে সভাপতি ও নাদিম মাহামুদকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার দুপুরে নতুন কমিটির সভাপতিকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে ছাত্রলীগের নেতা-কর্মীরা আসেন। এ সময় একটি পক্ষ ৪০-৫০ জন নেতা-কর্মী নিয়ে সেখানে হামলা চালায়। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা শফিকুরের বাসভবনের সামনের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে। হামলায় দোকানের মালিক রিপন বিশ্বাস, যুবলীগ কর্মী মিলন সিকদার ও জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি শাহ আলম আহত হন। এ সময় ভাঙচুরের ছবি তুলতে গেলে মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমিনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। আহত রিপনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহুল আমিন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক নাদিম মাহামুদকে শহরের থানা সড়ক এলাকায় মারধর করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
নতুন কমিটির সভাপতি শফিকুল ইসলাম অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান নেতৃত্বে পদবঞ্চিত নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাসার সামনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে সৈয়দ হাদিসুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ঝালকাঠি সদর থানার ওসি শীলমণি চাকমা গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।