ঝালকাঠিতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে মহাসিন হাওলাদার (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দাড়িয়াপুর গ্রামের একটি মাঠ থেকে মহাসিনের লাশ উদ্ধার করা হয়। মহাসিনের বাড়ি দাড়িয়াপুর গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহাসিন বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। আজ শুক্রবার সকালে দাড়িয়াপুর গ্রামের একটি মাঠে মহাসিনের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মহাসিনের বাবা মোশারফ হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, মহাসিনের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে মহাসিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।