ঝালকাঠিতে চুরির অপবাদে শিশুকে নির্দয়ভাবে নির্যাতন
ঝালকাঠিতে দুই হাজার টাকা চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্দয়ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ দুজনকে আটক করেছে।
শিশুটির (১২) বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্যাতনে শিশুটির ডান পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়া হাতের কবজি ও বাহুতে আঘাতের চিহ্ন আছে। এ জন্য এক্স-রে করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সকালে গ্রামের একটি মসজিদের ইমাম মোস্তফা কামালের দুই হাজার টাকা চুরি হয়। সেদিন শিশুটি ওই মসজিদের মাঠে সাইকেল চালাচ্ছিল। এ কারণে চুরির বিষয়ে শিশুটিকে সন্দেহ করা হয়। একপর্যায়ে মসজিদের ১০-১৫ জন মুসল্লি শিশুটিকে তার বাড়ি থেকে ধরে আনেন। সে একাই বাড়িতে ছিল। পরিবারের সদস্যরা শহরে অবস্থান করছিলেন। শিশুটিকে প্রথমে মারধর করা হয়। সে দৌড়ে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু বাড়ির দরজা ভেঙে তাকে ধরে এনে পুনরায় বেধড়ক পেটানো হয়। এতে নেতৃত্ব দেন গ্রামের সোহরাব হোসেন, আতাহার, আ. রব, আনোয়ার, সাত্তার দফাদার, জামাল হোসেন ও হৃদয় হোসেন। একপর্যায়ে তাঁরা শিশুটির দুই হাতে ও পায়ে সুচ ও খেজুরগাছের কাটা ফুটিয়ে দেন। পিটিয়ে তার ডান পা ভেঙে দেওয়া হয়।
শিশুটির বড় বোন অভিযোগ করে বলেন, নির্যাতনকারীদের অন্যতম আ. রব প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় আ. রব অন্যদের যোগসাজশে তাঁর (শিশুটির বড় বোন) ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে নির্যাতন করেছেন। এ ঘটনার বিচার দাবি করেন রাবেয়া।
আ. রব আত্মগোপন করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে সোহরাব হোসেন বলেন, ‘আমি কয়েকটি চড়-থাপ্পড় দিয়েছি, এটা সত্য। কিন্তু গ্রামের অতি উৎসাহী ব্যক্তিরা শিশুটির ওপর একটু বেশি নির্যাতন করে ফেলেছে।’
এদিকে বিষয়টি কাউকে না জানাতে প্রভাবশালীরা শিশুটির পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে তাঁরা এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে গোপন সালিসের আয়োজনও করেন। কিন্তু বিষয়টি গণমাধ্যম ও পুলিশের নজরে আসায় তা ভেস্তে যায়। কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. শুক্কুর মোল্লা বলেন, ‘সালিসের বিষয়ে আমার কিছুই জানা নেই। শিশু নির্যাতনের ঘটনা সালিসে নিষ্পত্তির কোনো বিষয় নয়।’
ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, শিশুটির ভাই আটজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তার আগেই বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে অভিযুক্ত জামাল হোসেন ও হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।