ঝালকাঠিতে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে মো. রিয়াজ মল্লিক নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কৃষ্ণকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়াজ মল্লিক (২৫) জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও বরিশালের সরকারি হাতেম আলী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। বাড়ি শহরের কৃষ্ণকাঠি এলাকায়।
রিয়াজের বাবা মো. শাহ আলম মল্লিক কথিত মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি। রিয়াজ ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
থানা সূত্রে জানা গেছে, হামলার এ ঘটনায় রিয়াজ বাদী হয়ে সোমবার রাতেই ঝালকাঠি সদর থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন কৃষ্ণকাঠি ওয়ার্ড ছাত্রলীগের কর্মী তাজুল ইসলাম, মো. মুন্না, সিয়াম, মেহেদী হাসান, অনিক ও রাব্বি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রিয়াজ মল্লিক সোমবার রাত ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় তাঁর বাবার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। তখন আসামিরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। না পেয়ে তাঁর ওপর হামলা করেন।
জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আল আমিন বলেন, রিয়াজকে যাঁরা কুপিয়েছেন, তাঁরা কৃষ্ণকাঠি এলাকার চিহ্নিত মাদকসেবী ও বখাটে। তাঁদের সঙ্গে জেলা ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।
তবে আল আমিন বলেন, মামলার প্রধান আসামি রাকিব মাঝিসহ অপর আসামিরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনের সমর্থক।
তবে জামাল হোসেন বলেন, ‘সামান্য হাতাহাতির ঘটনায় কৃষ্ণকাঠি ওয়ার্ড ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি রাকিব মাঝি কৃষ্ণকাঠি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। এই কমিটি আমি অনুমোদন দিয়েছিলাম। এখনো ওই কমিটি ভাঙা হয়নি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ গতকাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ছয় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।