ঝালকাঠিতে ছেলের হাতে বাবা নিহত
ঝালকাঠির রাজাপুরের রোলা গ্রামে টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই ছেলেকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা-পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মাসুদুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকালে রোলা গ্রামের সিরাজ হাওলাদারের (৭০) ছেলে কামাল হোসেন (২৫) নিজেদের গাছের দুই ছড়া কলা বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় সেগুলো তাঁর মাথায় উঠিয়ে দেওয়ার জন্য তার মাকে বলে। মা জয়তুন্নেছা (৫৫) কলা মাথায় উঠিয়ে দেওয়ার সময় তা পড়ে গিয়ে নষ্ট হয়। এ কারণে কামাল পরে তার মায়ের কাছে টাকা দাবি করে। কিন্তু মায়ের কাছে টাকা না পেয়ে বাবার কাছে যায়। তাঁর কাছেও টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে সে। এতে সিরাজ অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বরিশালের শেরেবাংলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ কামালকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ছেলে কামাল হোসেনকে আসামি করে জয়তুন্নেছা রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জয়তুন্নেছা বলেন, ‘নেশার টাকার জন্য প্রায়ই কামাল আমারে ও ওর বাবারে মারধর করত। তার অত্যাচার সহ্য করতে না পেরে এর আগে দুবার পুলিশের হাতে দিছিলাম।’
লাশ উদ্ধার: ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোমলনগর গ্রামের মাঠ থেকে এক জনের লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোমলনগর গ্রামের মাঠ থেকে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার কোন পরিচয় পওয়া যায়নি। পুলিশের ধারনা কয়েকদিন আগে তাকে হত্যা করে এই স্থানে পুতে রাখা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিঞা জানান, কোমলনগর গ্রামের মাঠে সেচ দেওয়ার একটি খালের মধ্যে পুতে রাখা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে গলিত লাশটি দেখতে পায়। লাশটি তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানান।