ঝালকাঠিতে পাউবোর দুই প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে অতিরিক্ত ভুয়া বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানোর অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন ও উপসহকারী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম।

২ জুলাই পাউবোর ঢাকা কার্যালয়ের শৃঙ্খলা বিভাগের এক আদেশে তাঁদের বরখাস্ত করা হয়। তবে এত দিন এ তথ্য পাউবোর ঝালকাঠি কার্যালয় চেপে রাখে। ৩ জুলাই পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীকে ঝালকাঠির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

পাউবোর ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠিতে মোট ৩৯৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। গত অর্থবছরে ঝালকাঠিতে নদী ও বেড়িবাঁধ ভাঙন বৃদ্ধি পায়। এ কারণে পাউবো উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠায়। এর মধ্যে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ৪ কিলোমিটার, পোনাবালিয়া ইউনিয়নে ১ কিলোমিটার, কেওড়া ইউনিয়নে ৪ কিলোমিটার, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া থেকে আওড়াবুনিয়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার, আমুয়া ইউনিয়নে ৮ কিলোমিটার, নলছিটির দপদপিয়া ইউনিয়নের ২ দশমিক ৫ কিলোমিটার, মোল্লারহাটে ৩ কিলোমিটারসহ প্রায় ৩০ কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ২৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। পাউবোর ঢাকা কার্যালয়ের একটি দল ঝালকাঠি তদন্তে আসে। এ সময় দলটি পাঠানো প্রস্তাবে প্রকল্পের প্রাক্‌ পরিমাপে ব্যাপক গরমিল পায়। সেখানে দৈর্ঘ্য অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ চাওয়ার বিষয়টি ধরা পড়ে। তদন্ত টিম এ গরমিলের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে এই ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। তবে বরখাস্ত উপসহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ‘আমার এ বিষয়ে কিছুই করার নেই। কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে তা–ই করেছে।’

ঝালকাঠি কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাউবোর পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মেদ বলেন, ‘আমি শুধু দায়িত্ব পেয়েছি। এখন পর্যন্ত কাজ শুরু করিনি। তবে ওই দুজনের বরখাস্তের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. সাজিদুর রহামন সরদার বলেন, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলীসহ দুজনকে প্রাক্‌ পরিমাপে গরমিল পাওয়ায় বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলাকালে দায়িত্বে থেকে তাঁরা যেন প্রভাব বিস্তার না করতে পারেন, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।