ঝালকাঠিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার বেরপাশা গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত দলের সদস্য ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর পরিচয় পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসীর ভাষ্য, রাতে মাইকে ঘোষণা দিয়ে পুলিশ গ্রামবাসীকে ডাকাতির কথা জানায়। গ্রামবাসী বের হয়ে আসে। পরে ওই এলাকায় গাছের নিচে ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায় তারা।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি, চাপাতি, চায়নিজ কুড়াল ও চাকু উদ্ধার করা হয়। ‘বন্দুকযুদ্ধে’ তিনজন পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হাসান জানান, নিহত ডাকাতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ওই ব্যক্তির লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে আছে।