ঝালকাঠিতে বাস মালিক সমিতির সভায় হট্টগোল
ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির বার্ষিক সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
সমিতি সূত্রে জানা যায়, জেলা বাস মালিক সমিতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে গতকাল দুপুরে সমিতির বার্ষিক সভা শুরু হয়। এতে জেলার বাস মালিকেরা উপস্থিত ছিলেন। বেলা আড়াইটার দিকে মধ্যাহ্নভোজের আগে চলতি বছরের জন্য সমিতির ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে নতুন ১০ জন বাস মালিকের কাউকে রাখা হয়নি। ফলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। হট্টগোল শুরু হয়।
সভায় উপস্থিত কয়েকজন বলেন, সভায় সমিতির পুরোনো সদস্যরা সর্বসম্মতিক্রমে সরদার মো. শাহ আলমকে সভাপতি এবং মিলন মাহমুদকে সম্পাদক পদে মনোনীত করেন। অন্যান্য পদেও পুরোনো সদস্যদের রেখে কমিটি চূড়ান্ত করা হয়। কিন্তু জেলা ও শহর আওয়ামী লীগের একাধিক নেতা এবং কজন পৌর কাউন্সিলর সম্প্রতি বাস মালিক সমিতির সদস্য হন। এই নেতারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে চান। তাঁদের একজন লিটন তালুকদার, যিনি ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে। পদ না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে লিটন তালুকদার ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান। বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে সমিতির সদস্য শাহ আলম খলিফা নতুন সদস্যদের হাতে লাঞ্ছিত হন।
শাহ আলম খলিফা ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। আর লিটন তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহ আলম বলেন, ‘নতুন কমিটির বিষয়ে কারও অভিযোগ থাকলে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তা জানাতে পারতেন। আজকের (গতকালের) এই ঘটনা নিয়ে শিগগিরই আমরা সভা ডেকে সিদ্ধান্ত নেব।’
কমিটিতে পরিবর্তন: উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে জেলা বাস মালিক সমিতি একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠায়। এতে জানানো হয়, সমিতির কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সদস্য হওয়া দুজনকে কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে পুরোনো দুজনকে।