ঝালকাঠিতে ভূমি কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে গত বুধবার রাতে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব পুড়ে যায়।
এ ছাড়া দেশের অন্যত্র আর কোনো নাশকতার খবর মেলেনি। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ১০ জেলায় ৬৬ জনকে আটক করা হয়েছে।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬৬তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুদিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় গতকাল পর্যন্ত নিহত হন ১২১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২০টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৫৫টি।
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের আশপাশের বাসিন্দারা জানান, ভোর চারটার দিকে ভূমি কার্যালয়ের আগুন দেখে স্থানীয় লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ভেতরের রেকর্ড বইসহ আসবাব পুড়ে যায়। খবর পেয়ে সকালে ঝালকাঠির জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
পোনাবালিয়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আতিকুর রহমান জানান, আগুনে ১৪টি মৌজার রেকর্ড বই, ডিসিআর বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল পুড়ে গেছে।
ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) আতাহার মিয়া বলেন, ভূমি কার্যালয়ে যারা আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক পুলিশকে নির্দেশ দিয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা জানান, এ ঘটনায় পুলিশ মামলা করেছে। আসামি পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেচ আলী খান, তাঁর ছেলে ছাত্রদল নেতা আনিসুর রহমান, একই ইউনিয়ন পরিষদের দুই সদস্য হেলাল মল্লিক ও বাদল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ককটেল হামলায় কারারক্ষী আহত: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মিজানুর রহমান নামে এক কারারক্ষী আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান জানিয়েছেন, মিজানুর রহমানের বাঁ পায়ে ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগেছে।