জমি নিয়ে ‘বিরোধের জেরেই’ ঝালকাঠি শহরের বারচালা এলাকায় মন্দিরে হামলা ও দুই পক্ষের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাতের ওই ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন মন্দির কমিটি ও স্থানীয় চাল ব্যবসায়ীরা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম গতকাল বৃহস্পতিবার বলেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ও স্থানীয় চাল ব্যবসায়ী দুলাল দেবনাথ পৃথক মামলা দুটি করেছেন।
চাল ব্যবসায়ীদের পক্ষে করা মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে প্রণব কুমার নাথকে। অন্যদিকে মন্দির কমিটির পক্ষে মামলায় আসামি করা হয়েছে সাতজনকে। এর আসামিরা সবাই স্থানীয় চাল ব্যবসায়ী ও তাঁদের স্বজন।
ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, মন্দিরের জমি নিয়ে স্থানীয় চাল ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জের ধরে ওই সংঘর্ষ হয়। মন্দিরের কমিটি নিয়ে স্থানীয় হিন্দুদের মধ্যে বিরোধ রয়েছে। দুই পক্ষের সংঘর্ষ ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ওই কালীমন্দির সম্প্রসারণের জন্য মন্দির কমিটি স্থানীয় চাল ব্যবসায়ীদের বিরোধপূর্ণ জমি থেকে চলে যেতে বলে। কমিটি টিন দিয়ে মন্দিরের চারপাশের জমিতে বেড়া দেয়। তবে ব্যবসায়ী ও ক্রেতাদের যাতায়াতে একটি পথ খোলা রাখা হয়। বুধবার রাতে এ পথটি বন্ধ করে দেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী দুলাল নাথ, দুলাল দেবনাথ, আব্দুল হকিম ও গোপাল দেবনাথ বেড়া খুলে পথটি উন্মুক্ত করে দেন। তখন তাঁদের বাধা দেন মন্দিরের লোকজন। এই ঘটনার একপর্যায়ে দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।