ঝালকাঠিতে মেয়র ও কাউন্সিলর-সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
ঝালকাঠিতে গতকাল বুধবার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পৌরসভা কার্যালয়ের বাইরে হওয়া এ সংঘর্ষে মেয়রের ভাইসহ সাতজন আহত হন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১১ সালে ঝালকাঠি পৌরসভার মেয়র নির্বাচিত হন। পৌরসভায় সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরসহ ১২ জন কাউন্সিলর আছেন। ১০ জন কাউন্সিলরের সঙ্গে মেয়রের নানা বিষয়ে দ্বন্দ্ব আছে। তাঁরা দুই বছর ধরে পৌরসভার কোনো কার্যক্রমে অংশ নেননি। কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন। এ অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে দেওয়া হয়।
অভিযোগ কিছুটা প্রমাণিত হওয়ায় মেয়রকে ২০১৪ সালের ১ অক্টোবর সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।
এ সময় কাউন্সিলরা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমকে ভারপ্রাপ্ত মেয়র বানানোর চেষ্টা করে ব্যর্থ হন। ৫ অক্টোবর মেয়রের সাময়িক বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। ১৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে। আফজাল হোসেন মেয়র পদে বহাল থাকায় ক্ষুব্ধ হন কাউন্সিলররা। তাঁরা নানা ধরনের কর্মসূচিও পালন করতে থাকেন।
এর ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টায় কাউন্সিলর রেজাউল করিমের নেতৃত্বে ১০ কাউন্সিলর পৌরসভা কার্যালয়ে অবস্থান নেন। খবর পেয়ে মেয়র পৌরসভায় আসেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পৌরসভার মূল ফটকের বাইরে অবস্থান নেন মেয়র ও কাউন্সিলরদের সমর্থকেরা। এ সময় কাউন্সিলর-সমর্থকদের কিল-ঘুষিতে আহত হন মেয়রের ছোট ভাই শ্রমিক লীগের নেতা আউয়াল হোসেন। দুই পক্ষের আরও ছয়জন এ সময় আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে দুই পক্ষকে পৌরসভার সামনে থেকে সরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে মেয়রকে অপসারণ করার দাবি করে শহরে ঝাড়ুমিছিল বের করেন ১০ কাউন্সিলর ও তাঁদের কয়েক শ সমর্থক। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন কাউন্সিলর রেজাউল করিম। তিনি বলেন, মেয়রের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মেয়র বলেন, ‘আমি সব কাজে পৌর কাউন্সিলরদের সহযোগিতা কামনা করি, কিন্তু তাঁরা সহযোগিতা করেন না। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা অব্যাহত রেখেছে। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কাউন্সিলরদের ইন্ধন দিচ্ছেন।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা বলেন, পুলিশের কঠোর নিরাপত্তার কারণে পৌরসভা কার্যালয়ের মধ্যে কোনো ঘটনা ঘটতে পারেনি। এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।