ঝালকাঠিতে যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল সিকদারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার গগনবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তৌহিদুল সদর উপজেলার সঞ্জয়পুর গ্রামের আবদুল হাই সিকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তৌহিদুল স্থানীয় গগনবাজার থেকে বাড়ির দিকে যাওয়ার পথে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা বিনয়কাঠী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সালমান চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে বিনয়কাঠী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সালমান জানান, তৌহিদুল ও তিনি গগনবাজার থেকে একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। মুঠোফোনে টাকা পাঠানোর জন্য তিনি পাশে যান। ফিরে এসে দেখেন সন্ত্রাসীরা তৌহিদুলকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এ সময় চিৎকার দিলে তারা পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনয়কাঠী এলাকায় যুবলীগের দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন তৌহিদুল এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জসিম ও শহীদ। আধিপত্যের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম আনোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তৌহিদুল খুন হতে পারেন।