ঝালকাঠিতে সংঘর্ষ, ২৫ দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকাশ-এর টাকা লেনদেনের ঘটনা নিয়ে গত শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসার ছাত্রদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ছাত্ররা ২৫টি দোকান ভাঙচুর করেছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসার প্রভাষক আবু বকরের নির্দেশে ছাত্ররা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। গতকাল শনিবার বিকেলে হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সভায় ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় কয়েকজন বক্তব্য দেন। তবে প্রভাষক আবু বকর ছাত্রদের হামলা চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. মাহিম স্থানীয় বিকাশ এজেন্ট রুহুল আমিনের দোকানে এসে বিকাশ অ্যাকাউন্ট থেকে দুই হাজার টাকা তার মোবাইল ফোনে সেন্ডমানি করে। রুহুল আমিন বিষয়টি বুঝতে পেরে মাহিমকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাহিম বিষয়টি অস্বীকার করে। পরে চাপ প্রয়োগ করায় সে টাকা নেওয়ার কথা স্বীকার করে। পরে তিনি মাহিমকে মাদ্রাসার কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে নিয়ে যান। এদিকে ছাত্রদের মধ্যে মাহিমকে মারধর করা হয়েছে গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।
রাত সাড়ে নয়টার দিকে মাদ্রাসার শতাধিক ছাত্র প্রথমে রুহুল আমিনের দোকান ভাঙচুর করে। ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে ছাত্ররা আরও ২৫টি দোকান ভাঙচুর করে। এ সময় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
রুহুল আমিন অভিযোগ করেন, মাহিম প্রায়ই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে বসত। সেই সুবাদে সে তার বিকাশের পাস ওয়ার্ড চুরি করেছে। এ ব্যাপারে মাহিমের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত রাখার জন্য ছাত্রদের ক্যাম্পাস থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, মাদ্রসা এলাকায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।