ঝালকাঠিতে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে হিন্দু পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের মামলা হয়েছে। গত সোমবার ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সুখরঞ্জন রায় জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।
মামলার আরজি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ডুমুরিয়া গ্রামের জ্ঞানরঞ্জন রায় এবং তাঁর দুই ছেলে মণীন্দ্র রায় ও ফণি ভূষণ রায় দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘর তুলে বাস করছিলেন। ১৯৯৬ সাল থেকে কীর্ত্তিপাশা ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুস শুক্কুর মোল্লা জমিটি তাঁর বলে দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন।
গত শনিবার সকালে শুক্কুর মোল্লার লোকজন ওই তিনজনের বসতঘর ভাঙচুর করে তাঁদের উচ্ছেদ করে। এরপর থেকে পরিবারটির সদস্যরা প্রতিবেশীদের বাড়িতে রাত কাটাচ্ছে। এ ঘটনায় সোমবার জ্ঞানরঞ্জন রায়ের ভাই সুখরঞ্জন রায় বাদী হয়ে বসতঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। এতে আবদুস শুক্কুর মোল্লা, তাঁর ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত মোল্লা ও রেবেল মোল্লা, ভাই ইস্রাফিল মোল্লা ও শামসুল মোল্লা এবং স্থানীয় নিরু হাওলাদারকে আসামি করা হয়েছে। বিচারক জায়েদ আহমেদ শুনানি শেষে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা বলেন, ‘আদালতের নির্দেশে পুলিশ ওঁদের উচ্ছেদ করে জমি আমাকে বুঝিয়ে দিয়েছে।’
ঝালকাঠি সদর থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার বলেন, ‘পুলিশ ওই ব্যক্তির জমি বুঝিয়ে দিতে যায়নি। আদালতের আদেশ পাওয়ার পর সুখরঞ্জন রায়ের মামলা নেওয়া হয়েছে।’