ঝালকাঠিতে ১৩টি মামলা, গ্রেপ্তার ৭৩
২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের এক মাস পেরিয়ে গেছে। ৩০ দিনে ঝালকাঠিতে বিএনপি ও জামায়াতের ৭৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে অনেকে আত্মগোপনে আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত এক মাসে ঝালকাঠি সদর থানা, নলছিটি ও রাজাপুরে রাজনৈতিক সহিংসতায় ১৩টি মামলা হয়। মামলাগুলোয় ১৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত ২৭ জন এবং ঘটনায় জড়িত সন্দেহে ৪৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঝালকাঠি সদর উপজেলায় মামলা হয়েছে সাতটি। এতে এজাহারভুক্ত ১০ জন এবং জড়িত সন্দেহে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। নলছিটিতে দায়ের হওয়া চারটি মামলার এজাহারে থাকা পাঁচজন ও সন্দেহভাজন ২০ জনকে গ্রেপ্তার করা হয়। রাজাপুরের দুটি মামলায় এজহারভুক্ত ১২ জন ও জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। কাঁঠালিয়া উপজেলায় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে ৬ জানুয়ারি অবরোধ শুরু হয়। অবরোধ-হরতালের ৩০ দিনে ঝালকাঠি সদরে দুটি বাসে, একটি ট্রাকে আগুন; গাবখান নদীতে বাঙ্গালি জাহাজে পেট্রলবোমা নিক্ষেপ; নলছিটিতে দুটি বাসে, একটি টেম্পোতে, একটি দোকানে আগুন এবং নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
ঝালকাঠি বাসটার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলে ও ঝালকাঠি-ঢাকা পথে লঞ্চ নিয়মিত চলাচল করছে। পুলিশ সুপার মজিদ আলী বলেন, জেলা ও উপজেলা সদর থেকে কিছু বাস ঢাকার উদ্দেশে পুলিশি প্রহরায় ছেড়ে যাচ্ছে।