ঝালকাঠির পৌর মেয়রকে গুলি করার অভিযোগে ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে গুলি করার অভিযোগে তাঁর ছেলে আমিনুল ইসলাম তালুকদারকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের কোর্ট সড়কের বাসা থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনার পর পুলিশ মেয়রের বাসায় তল্লাশি চালিয়ে ১টি লাইন্সেসবিহীন পিস্তল ও ১৪টি গুলি জব্দ করে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝালকাঠি পৌরসভায় লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেন মেয়র লিয়াকত আলী তালুকদার। নতুন করে লাইসেন্স দেওয়াও বন্ধ করেন তিনি। কিন্তু মেয়রের বড় ছেলে আমিনুল ইসলাম লাইসেন্স নবায়ন ও নতুন করে লাইসেন্স দেওয়ার জন্য তাঁর বাবাকে চাপ দেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মেয়রের কোর্ট সড়কের বাসভবনে বাবা ও ছেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আমিনুল ইসলাম উত্তেজিত হয়ে লিয়াকত আলী তালুকদারকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে লিয়াকত আলী রক্ষা পান। তাৎক্ষণিক লিয়াকত আলী তালুকদার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বাসা থেকে আমিনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ লিয়াকত আলী তালুকদারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ১৪টি গুলি ও একটি গুলির খোসা জব্দ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোর্ট সড়ক এলাকার দুজন বাসিন্দা জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে পৌর মেয়রের বাসায় দুই থেকে তিনটি গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর পুলিশ এসে মেয়রের বড় ছেলে আমিনুল ইসলামকে আটক করে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ‘মেয়র লিয়াকত আলী তালুকদার আমাকে ফোন করে বলেন তাঁর ছেলে আমিনুল ইসলাম মদ পান করে মাতলামি করছে। খবর পেয়ে আমি আমিনুলকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় তদন্ত চলছে।’
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার মুঠোফোনে বলেন, ‘বাসায় পুলিশ এসেছে। পরে কথা বলি।’
থানায় আটক থাকায় আমিনুল ইসলাম তালুকদারের সঙ্গে কথা বলা যায়নি।
ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, মেয়র লিয়াকত আলী তালুকদারের বাসা থেকে ১টি লাইন্সেসবিহীন পিস্তল ও ১৪টি গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।