ঝালমুড়ির আড়ালে গাঁজা বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালমুড়ির আড়ালে গাঁজা বিক্রির অপরাধে মো. শপু শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালমুড়ির বাক্সে গাঁজাসহ ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।
শপু শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বিষ্ণপুর গ্রামের জয়ধর শেখের ছেলে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, দীর্ঘদিন ধরে শপু শেখ ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রির আড়ালে গাঁজা সেবন ও বিক্রি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি উপজেলার কাটাখালী বাজারে ঝালমুড়ি বিক্রি করছিলেন।
এ সময় তল্লাশি চালিয়ে ঝালমুড়ির বাক্সের ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শপুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রাতেই তাঁকে রাজবাড়ীর জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ওই দিন বিকেল থেকে উপজেলার উজানচর জামতলা, ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যারম খেলার নামে জুয়ার আসর বন্ধ করা হয়। গোয়ালন্দকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।