
ময়মনসিংহের নান্দাইল উপজেলার লংগারপাড় বাজারের তিনটি দোকানে লুকিয়ে রাখা হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ২২ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় ওই বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও তাঁর স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এদিকে গতকাল সকাল থেকে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের জন্য ডিলারদের ভিড় দেখা গেছে। এদিন প্রথম আলোয় ‘১০ টাকা কেজি দরের চাল; ২৫ ডিলার চাল তোলেননি, বাইরে বিক্রির ফন্দি?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই অভিযান ও ডিলারদের চাল তোলার তৎপরতা শুরু হয়।
লংগারপাড়ে আটক হওয়া তিনজন হলেন ডিলার আকলিমা আক্তার, তাঁর স্বামী শফিকুল ইসলাম ও কাপড়ের দোকানি হাবিবুর রহমান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় এজাহার হাতে পেলে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া নেওয়া হবে।
পুলিশ, প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর ইউনিয়নের লংগারপাড় বাজারের হাবিবুর রহমানের কাপড়ের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামীন। তিনি কাপড়ের দোকানটির পেছনে অন্ধকারাচ্ছন্ন স্থানে ১১ বস্তা চাল দেখতে পান। এগুলোর ওপর ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচি’ লেখা। নির্বাহী হাকিমের প্রশ্নে সদুত্তর দিতে না পারায় পুলিশ হাবিবুরকে আটক করে। কাপড়ের দোকানটির বিপরীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আকলিমা আক্তারের দোকান। সেখানে গিয়ে আকলিমার স্বামী শফিকুলকে পাওয়া যায়। এ দোকানে চালের মজুতের সঙ্গে বিক্রির গরমিল থাকায় তাঁকে ও আকলিমাকে আটক করে পুলিশ। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর একই বাজারে মামুন মিয়ার ঝালাইয়ের ও আবুল হাসেমের লাকড়ির দোকানের ভেতর আরও চাল পাওয়া যায়। পরে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল্লা ফারুক আবার প্রশাসন নিয়ে এসে এ দুটি দোকানের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির আরও ১১ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও মামুন মিয়া ও আবুল হাসেমকে পাওয়া যায়নি।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল্লা ফারুক বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওই বাজারের চারজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কর্মসূচির কার্ডধারী ব্যক্তিরা অনেক ঝক্কি সামলে চাল নেন। অথচ কিছু সচ্ছল ব্যক্তিকে ডিলারের দোকান থেকে একসঙ্গে ১০ থেকে ১৫ বস্তা চাল নিতে দেখা গেছে।
এ বিষয়ে সেখানে উপস্থিত শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন বলেন, তথ্যপ্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তালিকা সংশোধনের ব্যবস্থা রয়েছে।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে খাদ্যগুদামে গিয়ে বিভিন্ন যানবাহনের সারি দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে ডিলাররা আসেন চাল নিতে। মুশুলি ইউনিয়নের মেরেঙ্গা পুরান বাজারের ডিলার মো. দবির উদ্দিন ভূঁইয়ার পক্ষে চাল নিতে এসেছেন তাঁর ছেলে মো. রাজীব। তিনি বলেন, তাঁর বাবা অসুস্থ থাকায় সময়মতো চাল তুলতে পারেননি।
একই ইউনিয়নের জনতা বাজারের ডিলার কামাল উদ্দিন বলেন, ১৭ এপ্রিল দলীয় কর্মসূচির ব্যস্ততা ও রাস্তা খারাপ থাকায় চলতি মাসের চাল সময়মতো তুলতে পারেননি।