ঝিকরগাছার আ.লীগ নেতাকে ঢাকায় অপহরণের অভিযোগ
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যশোর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
জব্বার গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং আওয়ামী লীগের কর্মী রাহাত জান সরদার ও হাসান সরদার হত্যা মামলার আসামি।
সংবাদ সম্মেলনে জব্বারের ছেলে টিপু সুলতান বলেন, গত ২৫ অক্টোবর সকালে গুলিস্তান এলাকায় তাঁর বাবার সঙ্গে তিনি ও তাঁর দূরসম্পর্কের এক চাচা দেখা করতে যান। এ সময় হঠাৎ একটি মাইক্রোবাসে করে চার-পাঁচজন ব্যক্তি এসে জব্বারের নাম ধরে ডাক দেন। তাঁদের একজনের হাতে ওয়্যারলেস সেট ছিল। তাঁরা টিপু ও তাঁর চাচার হাত থেকে মুঠোফোনগুলো নিয়ে নেন। এরপর তাঁর বাবা ও চাচাকে মাইক্রোবাসে উঠিয়ে চলে যান।
সংবাদ সম্মেলনে টিপু অভিযোগ করেন, অনেক খোঁজাখুঁজির পর রাজধানীর পল্টন থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে পুলিশ আরও কিছুদিন অপেক্ষা করতে বলে।
এ ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ অভিযোগ নেয়নি বলে আবদুল জব্বারের পরিবারের সদস্যরা যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। থানায় কেউ অভিযোগ নিয়ে এলেই তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।