ঝিকরগাছায় ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাহাত জান সরদারকে (৩৮) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গদখালী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
রাহাত জান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে গদখালী ফুল ব্যবসায়ী ও ফুল চাষি কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গদখালী মঠবাড়িয়া গ্রামের আবদুল জলিলের ছেলে।
মাস তিনেক আগে রাহাত জানের বড়ভাই হাসান সরদারকেও দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সাতজনকে আসামি করে হাসানের স্ত্রী চায়না খাতুন ঝিকরগাছা থানায় মামলা করেন। আসামিদের মধ্যে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পরিবারের অভিযোগ, পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করেনি বলে পরিবারের আরেকজনকে হারাতে হলো।
রাহান জানের ভাই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ভাই গদখালী বাজারের একটি সেলুন থেকে চুল দাঁড়ি কাটিয়ে বের হওয়ার সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। মৃত্যুর আগে তিনি বলে গেছেন, ‘ভাইজানকে (হাসান সরদার) যারা হত্যা করেছে, আমাকেও তারা গুলি করেছে।’
মিজানুর রহমান অভিযোগ করেন, ‘বড় ভাইকে হত্যার পর ভাবি চায়না খাতুন সাতজনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার মাত্র একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। যে কারণে আরেক ভাইকে হারাতে হলো।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে রাহাত জান স্থানীয় গদখালী বাজারে বিল্লালের সেলুনে বসে চুল-দাড়ি কাটান। এ সময় একটি মোটরসাইকেল সেলুনের সামনে এসে থামে। মোটরসাইকেলে তিনজন ছিলেন। সবার মাথায় ছিল হেলমেট। দুজন চালু রাখা মোটরসাইকেলের ওপরেই বসে ছিলেন। অপরজন মোটরসাইকেল থেকে নেমে রাহাত জানকে লক্ষ্য করে গুলি করে আবার মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় প্রথমে রাহাতকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম প্রথম আলোকে বলেন, কে বা কারা রাহাত জানকে গুলি করে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জেরে হয়তো তাঁকে হত্যা করা হতে পারে। মিজানুর রহমানের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘হাসান সরদার হত্যাকাণ্ডের মামলাটি পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করছে। এ ব্যাপারে আমাদের তেমন কিছুই জানা নেই।’
যোগাযোগ করা হলে পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মতিন বলেন, পলাতক আসামিরা ভারতে অবস্থান করছে। মাঝেমধ্যে এলাকায় আসে, তবে অভিযানের আগেই তারা পালিয়ে যায়।