ঝিকরগাছায় এএসআই ছুরিকাহত
দুর্বৃত্তের ছুরিকাঘাতে যশোরের ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে ঝিকরগাছা পৌর এলাকার কৃষ্ণনগর বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর রাতেই ১০ জনকে আটক করে পুলিশ। ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পুলিশের একটি দল কৃষ্ণনগর বস্তি এলাকায় অভিযানে যায়। এ সময় ডাকাত দল বোমার বিস্ফোরণ ঘটায়। এএসআই তৌহিদুল এক ডাকাতকে ধরে ফেলেন। কিন্তু তৌহিদুলের পেটে ছুরি মেরে সে পালিয়ে যায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে ঘটনাস্থলের আশপাশ থেকে ১০ জনকে আটক করে পুলিশ।