ঝিকরগাছায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় তিন ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে কৃষ্ণনগর গ্রামে কপোতাক্ষ নদের তীরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ডাকাত সন্দেহে গ্রামবাসী পিটুনি দিয়ে তাদের হত্যা করেছে। তবে স্থানীয় লোকজন বলেছেন, গণপিটুনির ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।
নিহত তিন ব্যক্তির মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলম (৪৫)। রূপদিয়া বাজারে তাঁর একটি চায়ের দোকান রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আরজিনা বেগম ও মেয়ের জামাই খোকন হোসেন। নিহত বাকি দুজনের নাম-পরিচয় গতকাল রাত পর্যন্ত জানা যায়নি।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি লাশের মধ্যে দুটির মাথায় জখম রয়েছে। অন্য লাশটির মাথার কয়েক স্থানে ও বাঁ চোখের কোণে কাটা জখম রয়েছে। নিহত ব্যক্তিদের বয়স ৩২ থেকে ৪৫ বছর।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, ‘মঙ্গলবার রাতে একদল ডাকাত কৃষ্ণনগর গ্রামে হানা দেয়। এ সময় সংঘবদ্ধ হয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টার সময় গ্রামের কাটাখাল এলাকায় কপোতাক্ষ নদের তীরে বঙ্গবন্ধু পার্কের মধ্যে তিনজনকে ধরে পিটুনি দেন উত্তেজিত জনতা। এতে তাদের তিনজনেরই মৃত্যু হয়।’
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত লাশ নিতে কেউ পুলিশের কাছে আসেনি।
ঘটনাস্থল কপোতাক্ষ নদের তীরে বঙ্গবন্ধু পার্কের বটতলায় গিয়ে তিন জায়গায় জমাট রক্ত দেখা যায়। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা আলামত ভিডিও করছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের ভাষ্য নিচ্ছিলেন।
এ সময় কৃষ্ণনগর গ্রামের মেহেদী হাসান বলেন, ‘গণপিটুনি বা ডাকাতির কোনো খবর জানি না। সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশ দেখে গণপিটুনিতে হত্যার মতো মনে হয়নি। তিনটি লাশের মাথা ও ঘাড় ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখিনি।’
ঘটনাস্থল-সংলগ্ন বাড়ির বাসিন্দা মো. মেহেরুন বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দ পেয়েছিলাম। রাতে আর বের হইনি। কারও বাড়িতে ডাকাতি কিংবা গণপিটুনির কোনো ঘটনার খবর জানি না। সকালে জেলেরা কপোতাক্ষ নদে মাছ ধরতে এসে প্রথমে লাশ দেখে ভয়ে ফিরে যায়। এরপর খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
স্থানীয় লোকজন বলেন, গত সোমবার রাতে কৃষ্ণনগর গ্রামের ওয়াপদা বস্তি এলাকায় অভিযানে গেলে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক তৌহিদুল ইসলাম ছুরিকাহত হন। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার বিকেলে বস্তিতে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ। স্থানীয় কয়েকজন বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে ওই সংঘর্ষের যোগ থাকতে পারে।
বস্তির ঘটনায় ঝিকরগাছা থানার এএসআই আমিরুজ্জামান পুলিশের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার অভিযোগে ২৯ জনকে আসামি করে দুটি মামলা করেছেন।
বস্তির ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, ‘বস্তিতে বিভিন্ন এলাকার অপরাধীদের আনাগোনা ছিল। যে কারণে বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না। যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।’
ওয়াপদা বস্তির কয়েকজন বাসিন্দা বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। তবে বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। সেই সঙ্গে বস্তি ছেড়ে চলে যেতে বলা হয়েছে সেখানকার বাসিন্দাদের।
গতকাল বুধবার দুপুরে বস্তিতে গিয়ে দেখা গেছে, বাসিন্দারা ঘর ভেঙে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অধিকাংশ বাড়ি পুরুষশূন্য। সেখানে ৫০টি পরিবারের বাস বলে জানা গেছে।
নিহত খোরশেদের স্ত্রী আরজিনা বেগম ও মেয়ের জামাই খোকন বলেছেন, রূপদিয়া বাজারে তাঁদের একটি চায়ের দোকান রয়েছে। দোকান দেখাশোনার পাশাপাশি খোরশেদ ভারত থেকে গরু আনার কাজ করতেন। গত সোমবার তিনি গরু আনতে বেনাপোলের দিকে যান। মঙ্গলবার সকাল সাতটা থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।