ঝিঙে-করলার বাক্সে ১ কোটি ৬৫ লাখ টাকার বিদেশি মুদ্রা
বাক্সে ঝিঙে ও করলার মাঝখানে লম্বা সাদা প্যাকেট। প্যাকেট খুলে পাওয়া গেল ১ কোটি ৬৫ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে গতকাল বুধবার এই বিদেশি মুদ্রা উদ্ধার করেছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের সূত্র বলেছে, গতকালই একটি ফ্লাইটে এই সবজির চালান সিঙ্গাপুরে রপ্তানির কথা ছিল। এর আগেই সকাল নয়টার দিকে শুল্ক কর্মকর্তারা কার্গো ভিলেজ থেকে মুদ্রাগুলো উদ্ধার করেন। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলোর মধ্যে রয়েছে সাড়ে ৬ লাখ সৌদি রিয়াল, ৪৭ হাজার ইউএই দিরহাম, ১১ হাজার ৯০০ ইউরো ও ৩ হাজার কাতারি রিয়াল। সূত্র আরও বলেছে, একটি কাগজের লম্বা প্যাকেটে মুদ্রাগুলো পাওয়া যায়।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান বলেন, ঢাকা ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ওই সবজির বাক্সটি সিঙ্গাপুরে রপ্তানি করছিল। প্রতিষ্ঠানটির কার্যালয় মতিঝিল এলাকায়। সিঙ্গাপুরে এর আমদানিকারক প্রতিষ্ঠানের নাম হিমালয় ট্রেডিং।