ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। টিআরের গম আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগপত্রে তাঁর নাম থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমিনুল শেরপুর জেলা বিএনপির সদস্য।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত রোববার এ আদেশ জারি করা হয়। অপর এক আদেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ আইন অনুযায়ী অমিনুল ইসলামকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির (টিআর) আওতায় ঝিনাইগাতী উপজেলায় ১০০ দশমিক ২০৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এ উপজেলার অধীনে নয়টি ইউনিয়ন আছে। অভিযোগ ওঠে, আমিনুল ইসলামের যোগসাজশে সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গম আত্মসাৎ করেছেন। ভুয়া কাজ দেখিয়ে বরাদ্দকৃত গমের মধ্যে ৬৭ দশমিক ২০৯ মেট্রিক টন গম সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। পরে তা কালোবাজারে বিক্রি করে প্রায় ১৬ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে আমিনুল ইসলামসহ সাত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়। দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।
আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি এ-সংক্রান্ত কোনো চিঠি পাননি এবং বিষয়টি জানেন না।