ঝিনাইগাতী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে তোফাজ্জল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে ঝিনাইগাতী থানার পুলিশ উপজেলার মাটিয়াপাড়া এলাকায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উপকেন্দ্র থেকে লাশটি উদ্ধার করে। তোফাজ্জল শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বড়ইতুল্লাহ গ্রামের সোহরাব আলীর ছেলে।
পুলিশ ও বিউবো সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইগাতী বিদ্যুৎ উপকেন্দ্রের তত্ত্বাবধায়ক কামরুল হাসান কেন্দ্রের সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রধান ফটক লাগিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল নয়টার দিকে পুনরায় উপকেন্দ্রের স্থাপনাগুলো পরীক্ষা করার সময় কামরুল কেন্দ্রের সীমানাপ্রাচীরের পূর্ব পাশে একটি লাশ ও বিদ্যুতের তারের খোল পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি বিউবোর ঝিনাইগাতীর আবাসিক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ও ঝিনাইগাতী থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই যুবকের বড় ভাই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। বিউবোর ঝিনাইগাতীর আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতে তোফাজ্জল বিদ্যুতের তার চুরি করতে কেন্দ্রের ভেতরে অনুপ্রবেশ করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে তোফাজ্জলের ডান চোখের নিচে ফোলা জখমের চিহ্ন দেখা গেছে।