ঝিনাইগাতীতে পোশাককর্মী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পোশাককর্মী ধর্ষণের শিকার হওয়ার ঘটনার ১০ দিন পার হয়েছে গতকাল শুক্রবার। কিন্তু এ এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী ও সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার গতকাল শুক্রবার এক বিবৃতিতে ওই পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহার রাতে ছয় যুবক ওই নারীকে (২০) ধর্ষণ করে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ও তাঁর ছোট বোন গাজীপুরের কোনাবাড়িতে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। ঈদুল আজহার দুদিন আগে দুই বোন গ্রামের বাড়িতে যান। কিন্তু পারিবারিক কলহের জেরে রাতেই তিনি কর্মস্থল গাজীপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত নয়টার দিকে পথে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্জন স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করে ছয় যুবক। পরে তাঁকে স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার ঝিনাইগাতী ওসি মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ১৮ সেপ্টেম্বর জেলা সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।