ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা হালচটি গ্রামে মারা যাওয়া বন্য হাতি দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। গতকাল তোলা ছবি l প্রথম আলো
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা হালচটি গ্রামে মারা যাওয়া বন্য হাতি দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। গতকাল তোলা ছবি l প্রথম আলো

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা হালচাটি গ্রাম থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়।
বন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসী সীমান্তের ১১০৩ ও ১১০৪ নম্বর খুঁটির মধ্যবর্তী স্থানে একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দুপুরের দিকে খবর পেয়ে ঝিনাইগাতীর রাংটিয়া ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা হালচাটি গ্রামে এসে হাতিটির মরদেহ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা রেজোয়ানুল হক ভূঁইয়ার তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়।
ঝিনাইগাতীর রাংটিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া আহম্মেদ বলেন, মৃত হাতিটির কপাল ও ঘাড়ে তিনটি গুলির এবং পেটের ডান পাশে বল্লমের আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি সীমান্তের ওপারে গুলিবিদ্ধ হয়েছিল। এরপর আহত অবস্থায় হাতিটি বাংলাদেশ সীমানায় চলে আসে এবং গতকাল সকালে গারো পাহাড়ের দুর্গম হালচাটি এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
শেরপুরের সহকারী বনরক্ষক মোমিনুর রশীদ, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা জিল্লুর রহমান, বন্য প্রাণী কর্মকর্তা কামরুজ্জামান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এলাকা ব্যবস্থাপক রাজীব মাহমুদ ও মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।