ঝিনাইগাতীতে ভেজাল সেমাই কারখানা সিলগালা
শেরপুরের ঝিনাইগাতীতে গতকাল মঙ্গলবার একটি ভেজাল সেমাই কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক সুঞ্জিত চন্দ্র বর্মণকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ সেলিম রেজা উপজেলার প্রতাবনগর গ্রামে সুবিধর সেমাই কারখানায় এ অভিযান চালান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতাবনগর গ্রামের নিশাত চন্দ্র বর্মণের ছেলে সুঞ্জিত চন্দ্র বর্মণ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি ও বাজারজাত করে আসছিলেন। সংবাদ পেয়ে গতকাল নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ওই কারখানায় অভিযান চালান। এ সময় আদালত সেমাই কারখানাটি সিলগালা ও এর মালিক সুঞ্জিত চন্দ্র বর্মণকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।