ঝিনাইদহ ও ফরিদপুরে সংঘর্ষ, আহত ২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। একই দিনে ফরিদপুরের সালথা উপজেলায় পুকুরে মাছের পোনা ছাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হন।
এলাকাবাসী জানান, শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাহমুদুল হাসান ওরফে মামুন এবং ছাত্রলীগের সাবেক নেতা জুলফিকার কায়সার ওরফে টিপুর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকেরা কাতলাগাড়ী বাজারে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি গুলি ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালথার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের আফসার মাতুব্বরের মালিকানাধীন পুকুরে গতকাল সকালে মাছের পোনা ছাড়তে যান একই গ্রামের রাজ্জাক শেখের সমর্থকেরা। এ সময় আফসার মাতুব্বরের ছেলে মিরান তাতে বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ খবর শুনে আফসার মাতুব্বরের লোকজন এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।