ঝিনাইদহ থেকে অপহৃত ব্যবসায়ীর লাশ মিলল চুয়াডাঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ থেকে চার দিন আগে অপহৃত এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম ওরফে রবি (৫০)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন সার ও কীটনাশক ব্যবসায়ী। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো একসময় রবিউলকে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল সকাল আটটায় সরেজমিনে দেখা যায়, মেঠোপথের ওপর রবিউলের লাশ উপুড় হয়ে পড়ে আছে। একটি মাফলার দিয়ে চোখ ও অন্য একটি মাফলার দিয়ে হাত পিছমোড়া করে বাঁধা। মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। ঘটনাস্থল রক্তে রঞ্জিত।
রবিউলের ছেলে রানা হোসেন (২৫) বলেছেন, কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় ওমর আলী নামে তাঁদের এক প্রতিবেশী একটি মামলা করেন। ওই মামলায় তাঁর বাবা রবিউল আসামি ছিলেন। গত মঙ্গলবার ঝিনাইদহ আদালতে ওই মামলায় হাজিরা দিয়ে একটি মাইক্রোবাসে করে তিনি বাবার সঙ্গে গ্রামে ফিরছিলেন। তাঁদের সঙ্গে আরও ১১ জন ছিলেন। রানা হোসেন বলেন, তেঁতুলতলা নামক স্থানে আসার পর আরেকটি মাইক্রোবাসে থাকা কয়েকজন সাদা পোশাকধারী লোক তাঁদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে তাঁর বাবাকে তুলে নিয়ে যায়।
রানা বলেন, প্রশাসনের লোক তাঁর বাবাকে উঠিয়ে নিয়েছে বলে ধারণা করে তিনি বাবাকে ছাড়াতে অনেকের ‘হাতে-পায়ে ধরেছেন’। কিন্তু কেউ তাঁর সন্ধান দিতে পারেনি। রানা বলেন, তাঁর বাবা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন।
চুয়াডাঙ্গা থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, তাঁরা লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।