ঝিনাইদহ থেকে অপহৃত শিশু চুয়াডাঙ্গায় উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামনগর গ্রাম থেকে অপহৃত পাঁচ বছরের শিশু সাব্বিরকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার মজলিসপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কোটচাঁদপুরের বলরামনগর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মসিয়ার রহমানের ছেলে সাব্বির। বুধবার দুপুরে শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক অপহরণকারী।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসাসূত্রে মসিয়ারের সঙ্গে দামুরহুদার মজলিসপুর গ্রামের বেলাল হোসেনের সম্পর্ক তৈরি হয়। বেলাল চুয়াডাঙ্গা থেকে মসিয়ারকে মালামাল এনে দিতেন। সেই সূত্রে মসিয়ারের বাড়িতে বেলালের আসা-যাওয়া ছিল নিয়মিত। বুধবার দুপুরেও তিনি আসেন। তখন মসিয়ার বাড়িতে ছিলেন না। বাড়ির উঠানে খেলা করছিল সাব্বির। আর মসিয়ারের স্ত্রী শেফালী বেগম ব্যস্ত ছিলেন ঘরের ভেতর। সেই সুযোগে বেলাল কৌশলে সাব্বিরকে অপহরণ করে নিয়ে যান।
মসিয়ার জানান, বিকেল পর্যন্ত সাব্বিরের কোনো খোঁজ না পেয়ে তাঁর স্ত্রী তাঁকে বিষয়টি ফোনে জানান। এরপর তিনি দ্রুত বাড়ি ফিরে এসে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, সাব্বিরকে বেলালের সঙ্গে দেখা গেছে। সঙ্গে সঙ্গে তিনি বেলালের মুঠোফোনে কল করেন। কিন্তু বেলাল ফোন ধরেননি। পরে বেলালই ফোন করে সাব্বিরের মুক্তির জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। অন্যথায় সাব্বিরকে মেরে ফেলার হুমকি দেন।
পুলিশ জানায়, বেলাল মুক্তিপণ নিয়ে জীবননগর বাজারে যেতে বলেন। পরে পুলিশ ফাঁদ পেতে রাত ১২টার দিকে মজলিসপুর গ্রাম থেকে সাব্বিরকে উদ্ধার করে। বেলাল পালিয়ে যান।