ঝিনাইদহ, বান্দরবানে আবারও দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই কায়দায় হত্যাকাণ্ড
একই কায়দায় হত্যাকাণ্ড

ঝিনাইদহ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারও একই কায়দায় কুপিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঝিনাইদহে একটি মঠের সেবায়েতকে আর নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধধর্মবিশ্বাসী একজন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।
উভয় ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
ঝিনাইদহে পুরোহিত হত্যার এক মাসের কম সময়ের ব্যবধানে গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে শ্যামানন্দ দাসকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামে শ্রীশ্রী রাধা মদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিহত মং শৈলুং মারমা (৫৬) নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তাঁকে বৃহস্পতিবার রাতে হত্যা করা হয়। এর দেড় মাস আগে একই ইউনিয়নে একই কায়দায় এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়েছিল।
ঝিনাইদহে সেবায়েত হত্যার পর গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ বৈঠক হয়। জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সালাম, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, র্যা ব-৬-এর পরিচালক রফিকুল ইসলাম, বিজিবির স্থানীয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে এসব গুপ্তহত্যা করছে। এটা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গত রাতে প্রথম আলোকে বলেন, সম্প্রতি ধর্মীয় ও গোষ্ঠীগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা হয়েছে, তার সঙ্গে গতকালের সেবায়েত হত্যার মিল রয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। তিনি বলেন, গত রাত থেকেই জেলায় বিশেষ অভিযান শুরু করা হবে। এ জন্য বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ৩৯৪ জন পুলিশ সদস্যকে আনা হয়েছে।
সেবায়েত শ্যামানন্দ হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী মঠের পাশের বাড়ির দিপালী রায়। তিনি প্রথম আলোকে বলেন, মঠের প্রাচীরের বাইরে গা ঘেঁষে থাকা ফুল গাছ থেকে ফুল তুলতে বের হন শ্যামানন্দ। তাঁকে (দিপালীকে) দেখে শ্যামানন্দ বলে ওঠেন, ‘মা, এত সকালে কোথায় যাচ্ছ?’ জবাব দেওয়ার আগেই দেখতে পান, লাল রঙের একটি মোটরসাইকেলে তিনজন লোক আনুমানিক ১৫ হাত পেছনে এসে দাঁড়ায়। তিনি ভেবেছিলেন, এরা হয়তো কোনো প্রয়োজনে এসেছে। তিনি নিজের কাজে সামনের দিকে এগোচ্ছিলেন। এরই মধ্যে চিৎকার শুনতে পান। পেছন ফিরে দেখেন, মোটরসাইকেলে আসা ওই ব্যক্তিরা সেবায়েতকে কোপাচ্ছে। তিনি ভয়ে দৌড় দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে যান।
মঠের সাংগঠনিক সম্পাদক মনি কুমার রায় প্রথম আলোকে বলেন, চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখে, দুর্বৃত্তরা শ্যামানন্দকে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। তাঁকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঠের সাধারণ সম্পাদক মলিন কুমার কুণ্ডু বলেন, নিহত শ্যামানন্দ সংসার ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে মন্দিরে মন্দিরে পূজা অর্চনার কাজ করে বেড়াতেন। তিন বছর আগে তিনি ঝিনাইদহের এই মঠে সেবায়েতের দায়িত্ব নেন। তিনি মঠের বাইরে খুব কম যেতেন। পুরোহিত খুন হওয়ার পর একেবারেই বাইরে যেতেন না। পূজার ফুল তুলতে মঠের প্রাচীরের বাইরে গিয়েছিলেন মাত্র, সেখানেই তাঁকে খুন হতে হলো।
শ্যামানন্দ নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামের কিরণ দাসের ছেলে। অবিবাহিত এই সংসার-বৈরাগী সারা জীবন বিভিন্ন মঠে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদহে আসার আগে তিনি মাগুরা জেলার তালখড়ি-কেঁচোডুবি মঠের সেবায়েত ছিলেন।

ঝিনাইদহে মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় নড়াইল সদর উপজেলার মুসুরিয়ায় তাঁর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি l ছবি: প্রথম আলো
ঝিনাইদহে মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় নড়াইল সদর উপজেলার মুসুরিয়ায় তাঁর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি l ছবি: প্রথম আলো

শ্যামানন্দের ভাই রবিন সরকার প্রথম আলোকে বলেন, তাঁরা চার ভাই, দুই বোনের মধ্যে শ্যামানন্দ সবার ছোট। তিনি নড়াইলের মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করা অবস্থায় কেঁচোপোতা মন্দিরের সেবায়েত ভোলানাথ গোস্বামীর ভক্ত হন। তাঁর কাছ থেকে দীক্ষা নেন। প্রায় ৩২ বছর হলো বাড়ি ছেড়েছেন।
রবিন বলেন, মঠের কর্মকর্তাদের অনুরোধে শ্রীশ্রী রাধা মদন গোপাল বিগ্রহেই শ্যামানন্দকে সমাধিস্থ করা হয়েছে।
এর আগে গত ৭ জুন এই ঝিনাইদহে আনন্দ গোপাল গাঙ্গুলি নামের আরেকজন হিন্দু পুরোহিতকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেখান থেকে সাত-আট কিলোমিটার দূরে গতকাল আবার হত্যার ঘটনা ঘটল। এ নিয়ে গত ছয় মাসে একই কায়দায় ঝিনাইদহে চারজন খুন হলেন। বাকি ব্যক্তিদের একজন ধর্মান্তরিত খ্রিষ্টান এবং আরেকজন শিয়া সম্প্রদায়ের লোক। প্রতিটি ঘটনায় আইএস দায় স্বীকার করলেও পুলিশ তা নাকচ করে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কে বা কারা জড়িত, কী উদ্দেশ্যে তাঁদের হত্যা করা হলো, তা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি।
শ্রীশ্রী রাধা মদন গোপাল বিগ্রহের সাধারণ সম্পাদক মিলন কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার পর থেকেই তাঁরা আতঙ্কের মধ্যে ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাছে শক্ত লাঠি রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রয়োজন হলে পুলিশকে ফোন করতে বলা হয়েছিল। তিনি আরও বলেন, প্রশাসনের এই ব্যবস্থা যে যথেষ্ট ছিল না, সেটা আবার প্রমাণিত হলো।
ঝিনাইদহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগে পুরোহিত হত্যার পর প্রশাসনের পক্ষ থেকে তাঁদের যে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল, প্রকৃতপক্ষে সে রকম কোনো ব্যবস্থা তাঁরা দেখেননি।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম এক বিবৃতিতে সেবায়েত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এসব গুপ্তহত্যা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়িতে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার দেড় মাসের মাথায় বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে মং শৈলুং মারমা (৫৬) নামে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
বাইশারি ইউনিয়নের ধাবনখালী মারমাপাড়ার বানিন্দা মংথোয়াইচিং মারমা ও থোয়াই চাহ্লা মারমা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পথচারীরা মং শৈলুং মারমাকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বাইশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম প্রথম আলোকে বলেন, মংশৈলু মারমা রাত সাড়ে নয়টা পর্যন্ত বাইশারি বাজারে ছিলেন। বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে হত্যা করা হয়েছে। চাকপাড়ার বৌদ্ধ ভিক্ষু উ গাইন্দ্যা ওরফে ধাম্মা ওয়াসাকে যেভাবে খুন করা হয়েছে, সেই একই কায়দায় ঘাড়ে ও গলায় কুপিয়ে মংশৈলু মারমাকে খুন করা হয়েছে।
পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধ অথবা পূর্বশত্রুতার জের ধরে মং শৈলুং মারমাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে বাইশারি মৌজার হেডম্যান মংসানু চাক বলেন, মং শৈলুং মারমার সঙ্গে এক নারীর জমি নিয়ে বিরোধ আছে। তবে বিষয়টি অত্যন্ত সামান্য। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের কথা সন্দেহ করা যায় না। বৌদ্ধ ভিক্ষুর খুনিরাই এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করা দরকার।
এদিকে বৌদ্ধ ভিক্ষুর খুনের মতো এ ঘটনায় আইএস দায় স্বীকার করেছে। আইএসের বার্তায় মং শৈলুং মারমাকে ‘বৌদ্ধ ধর্মীয় নেতা’ বলে উল্লেখ করা হয়েছে। তবে মং শৈলুং মারমার বড় ছেলে উসাথোয়াই মারমা প্রথম আলোকে বলেন, তাঁর বাবা বৌদ্ধদের কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তিনি জানেন না।
জানতে চাইলে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আইএসের দাবি আমরা উড়িয়ে দিচ্ছি না। তবে নিহত মং শৈলুং মারমার বড় ভাই উথোয়াইহ্লা মারমা পুলিশকে বলেছেন, ভূমিবিরোধ ও পূর্বশত্রুতার কারণে তাঁর ছোট ভাইকে খুন করা হয়েছে। তিনি সন্দেহভাজন ১১ জনের নাম বলেছেন। তাই আমরা ভাইয়ের অভিযোগও খতিয়ে দেখছি।’