ঝিনাইদহে অপহৃত বাবাকে উদ্ধারের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজীর উদ্দিন
নজীর উদ্দিন

ঝিনাইদহে অপহরণের শিকার ব্যবসায়ী নজীর বিশ্বাসকে (৫৫) দেড় মাসেও পুলিশ উদ্ধার করতে পারেনি। তাঁকে উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর ছেলে।
নজীর বিশ্বাস জেলার হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের বাসিন্দা। তিনি চাল ব্যবসায়ী। দুই ছেলে জহুরুল ইসলাম, আশরাফুল ও স্ত্রী শামীম আরাকে নিয়ে তাঁর সংসার। বড় ছেলে জহুরুল ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আশরাফুল হরিণাকুণ্ডু শহরে কেব্ল সংযোগের (ডিশ) ব্যবসা করেন।
আশরাফুল আলম বলেন, বাবা সহজ-সরল। তাঁর কোনো শত্রু থাকার কথা না। নিজেদের পরিবারের মধ্যে জমাজমি নিয়ে একটি মামলা চলছে। ওই মামলায় হাজিরা দিতে তিনি ঘটনার দিন ঝিনাইদহ শহরে জজ আদালতে যান। আশরাফুল বলেন, ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর বাবা আইনজীবীর সঙ্গে আলোচনা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে চাঁদপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তাঁকে অপহরণ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে তাঁরা সম্ভাব্য সব জায়গায় বাবাকে খুঁজতে থাকেন। ওই দিন রাত নয়টার দিকে মুঠোফোন থেকে তাঁকে (আশরাফুল) ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এত টাকা দিতে পারবেন না জানালে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা দিতে বলে। সেটাও দেওয়া সম্ভব নয় জানিয়ে দিলে সন্ত্রাসীরা বাবার সঙ্গে তাঁর কথা বলায়। কথা বলতে গিয়ে তিনি বুঝেছেন তাঁর ওপর নির্যাতন করা হয়েছে। এভাবে অপহরণকারীরা নানা কৌশলে টাকার জন্য চাপ অব্যাহত রাখে। ১০-১২ দিন পর এক রাতে মুঠোফোনে ফোন করে বাবার সঙ্গে তাঁকে শেষ কথা বলতে বলে।
আশরাফুল আলম বলেন, এ ঘটনায় ১৩ জুলাই হরিণাকুণ্ডু থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৩ জুলাই অপহরণ মামলা করেছেন। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। কিন্তু এখনো তাঁর বাবা উদ্ধার হননি। বাবাকে উদ্ধারে তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, তাঁরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে তাঁর (নজীর) সন্ধান পাওয়া যাচ্ছে না।