ঝিনাইদহে আ.লীগ নেতা ও ছেলেকে কুপিয়ে জখম
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মৃধাকে (৬৫) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় মোক্তার হোসেনকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে গোলাম মুরশিদ মৃধাও (৩০) সন্ত্রাসীদের কোপে আহত হন।
সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার হোসেন মৃধার আরেক ছেলে সুমন মৃধা অভিযোগ করে বলেন, তাঁর বাবা সন্ধ্যায় প্রায়ই কবিরপুর এলাকায় জাকির মেডিকেলের সামনে বসে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আড্ডা দেন। সেখানে গতকাল সন্ধ্যায় নিজ দলের প্রতিপক্ষ একটি গ্রুপ আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালায়। সুমন মৃধা আরও বলেন, ঘটনার সময় কাছেই ছিলেন তাঁর ভাই কৃষি ব্যাংক কর্মকর্তা গোলাম মুরশিদ। বাবাকে বাঁচাতে তিনি ছুটে গেলে সন্ত্রাসীরা তাঁকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। মোক্তার হোসেনের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে পেটানো হয়েছে তাঁকে। আর গোলাম মুরশিদের দুই পায়ে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। তাঁরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।