ঝিনাইদহে আ.লীগ নেতা 'অপহৃত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুর রহমান
আজিজুর রহমান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মো. আজিজুর রহমান খান নামের আওয়ামী লীগের এক নেতা অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে একদল লোক তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে দাবি স্বজনদের।
আজিজুর রহমান খান (৫৫) উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মালিয়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। জানতে চাইলে তাঁর ভাতিজা মো. খমিনুর রহমান খান প্রথম আলোকে বলেন, তাঁর চাচা প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। তিনি খেতের ফসল দেখে ১০টার দিকে বাড়ি ফেরেন। কিন্তু গতকাল বেরিয়ে যাওয়ার পর দুপুর ১২টার দিকেও তিনি বাড়িতে ফেরেননি। তখন তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের এক শ্রমিকের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চাকুলিয়া বটতলা এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। মাইক্রোবাসে চার থেকে পাঁচজন বসে ছিলেন। এ ছাড়া দুজন বাইরে হাঁটাহাঁটি করছিলেন। কাছে গেলে আজিজুরকে নিয়ে মাইক্রোবাসটি চলে যায়। তবে ওই শ্রমিক আরও বলেন, তিনি ভেবেছিলেন, আজিজুর স্বেচ্ছায় মাইক্রোবাসে উঠে কোথাও গেছেন। তাই এ বিষয়ে কাউকে কিছু বলেননি।
খমিনুর রহমান আরও বলেন, পরে তাঁরা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু পুলিশ তা না নিয়ে তাঁদের আরও খোঁজাখুঁজির পরামর্শ দেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তিনি এ ধরনের খবর শুনে আজিজুরের বাড়িতে একজন কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকেও খোঁজ নেওয়া হচ্ছে। জিডি না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে জিডি করতে কেউ আসেননি।