ঝিনাইদহে আলট্রাসনোগ্রাফি বন্ধ, ভোগান্তিতে রোগীরা
লোকবলের অভাবে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে আলট্রাসনোগ্রাফি বন্ধ রয়েছে। এদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আলট্রাসনোগ্রাফির টাকা ভাগাভাগি নিয়ে মালিকপক্ষ ও চিকিৎসকদের দ্বন্দ্বে পাঁচ দিন ধরে এই সেবা বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আলট্রাসনোগ্রাফির জন্য ফি নেওয়া হয় সাড়ে তিন শ টাকা। এ থেকে চিকিৎসকেরা পান ১২০ টাকা। সম্প্রতি সনোলজিস্ট সমিতির পক্ষ থেকে ১৫০ টাকা দাবি করা হয়েছে। তবে মালিকপক্ষ এতে রাজি হয়নি এবং আলট্রাসনোগ্রাফি সেবা বন্ধ করে দিয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের চিকিৎসক ও রেডিওলজিস্ট বদলি হয়েছেন। নতুন কেউ যোগ না দেওয়ায় আলট্রাসনোগ্রাফি বন্ধ রয়েছে।
সদর উপজেলার শিকারপুর গ্রামের গৃহবধূ হাদিয়া বেগম কয়েক দিন আগে প্রসবকালীন সমস্যা নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার তিনি বলেন, ‘হাসপাতালে আলট্রাসনোগ্রাফি বন্ধ রয়েছে গত ১৪ দিন। এ জন্য তিনি বাইরের ক্লিনিকে যান। সেখানেও এই সেবা বন্ধ রয়েছে। এখন তাহলে কোথায় যাব?’
বিষয়খালী এলাকার এক অন্তঃসত্ত্বা নারী গতকাল সদর হাসপাতালে এসেছেন। চিকিৎসক তাঁকে আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দিয়েছেন। শহরের বিভিন্ন ক্লিনিকে ঘুরেও তিনি এই সেবা পাননি। তিনি বলেন, ‘সনোগ্রাফি ছাড়া চিকিৎসকের কাছে গিয়ে লাভ হবে না। এখন কী করব ভেবে পাচ্ছি না।’
সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস্) মো. আলাউদ্দিন বলেন, অন্তঃসত্ত্বা নারীদের প্রতিনিয়ত সনোগ্রাফি করাতে হয়। বিশেষ করে যাঁদের প্রসবের সময় হয়ে আসে। কিন্তু সনোলজিস্টদের সমস্যার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
ক্লিনিক মালিক সমিতির সদস্য শহরের আলফালাহ হাসপাতালের পরিচালক বাদশা মিয়া বলেন, হঠাৎ করেই সনোলজিস্টরা কমিশন বাড়ানোর দাবি জানিয়েছেন। কিন্তু রোগীদের কাছ থেকে বাড়তি টাকা নিতে পারছেন না। এ কারণে ক্লিনিক মালিকেরা সনোগ্রাফির সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তাঁদের কমিশন বাড়ানো সম্ভব নয়।
সনোলজিস্ট সমিতির সভাপতি রাশেদ আল মামুন বলেন, তাঁদের দাবি খুবই সামান্য। ইতিমধ্যে এক-দুটি ক্লিনিকের মালিক বাড়তি টাকা দিতে সম্মত হয়েছেন। এগুলোয় আলট্রাসনোগ্রাফি শুরু হয়েছে। অন্যরাও তাঁদের দাবি শিগগিরই মেনে নেবেন।
জেলা সিভিল সার্জন আবদুল হালিম বলেন, সদর হাসপাতালে চিকিৎসক ও রেডিওলজিস্ট বদলি হওয়ার কারণে আপাতত সনোগ্রাফি বন্ধ আছে। এই সেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের মালিকদের মধ্যে ঝামেলার বিষয়ে তাঁর কিছু করার নেই।