ঝিনাইদহে উত্ত্যক্তের শিকার ছাত্রীর কীটনাশক পান
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় উত্ত্যক্তের শিকার নবম শ্রেণির এক ছাত্রী গত সোমবার দুপুরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ছাত্রীর বড় ভাই গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি উপজেলার একটি গ্রামে। একই গ্রামের এক কলেজছাত্র বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর বোনকে উত্ত্যক্ত করত। তিনি বিষয়টি জানার পর গোপনে সমাধানের চেষ্টা করেন। এ জন্য গ্রামের এক মাতবরের সহযোগিতা চান। এরপর কয়েক দিন তাঁর বোনকে উত্ত্যক্ত করা হয়নি। কিন্তু সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মাইলমারী নদীর ধারে রাস্তায় দাঁড়িয়ে ওই ছাত্র তাঁর বোনকে আবার উত্ত্যক্ত করে বলে এলাকার কয়েক ব্যক্তি তাঁকে জানান। পরে বাড়ি ফিরে তাঁর বোন খুব কান্নাকাটি করে। একপর্যায়ে দুপুরে নিজ ঘরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের চিকিৎসক মোকাররম হোসেন সাংবাদিকদের বলেছেন, অন্তত চার দিন চিকিৎসা দেওয়ার পর বলা যাবে, সে আশঙ্কামুক্ত কি না।
এ বিষয়ে মাতবর মিন্টু মোল্লা বলেন, কয়েক দিন আগে তিনি ওই ছাত্রের বাড়ি গিয়ে ছাত্রীটিকে আর উত্ত্যক্ত না করার জন্য বলে আসেন। এ ধরনের কিছু আর ঘটবে না বলে ওই ছাত্র এবং তার পরিবারের লোকজন আশ্বাস দিয়েছিলেন। এরপর সোমবার তিনি শুনতে পান, ছাত্রীটি কীটনাশক পান করেছে।
গতকাল বেলা আড়াইটার দিকে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে বলে শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।