ঝিনাইদহে এবার শিবির নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জসিম উদ্দিন ও আবু হুরাইয়া
জসিম উদ্দিন ও আবু হুরাইয়া

ঝিনাইদহে গতকাল শুক্রবার মো. জসিম উদ্দিন (২৪) নামে ছাত্রশিবিরের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। জামায়াতের এক নেতার লাশ উদ্ধারের পাঁচ দিনের মাথায় এ ঘটনা ঘটল। অপহৃত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন দুজন। জেলা জামায়াতের আরেক নেতাও সেখানে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
জসিম গান্না ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে। পড়তেন ঝিনাইদহ আলীয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষে।
নিহত ব্যক্তির ভাই সাইফুর রহমান বলেন, জসিম গত ১২ ফেব্রুয়ারি সিলেট থেকে বাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালন্দ ঘাট এলাকায় কয়েক ব্যক্তি নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে তাঁকে নামিয়ে নেয়। এরপর গতকাল সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের মাঠে তাঁর লাশ পাওয়া যায়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, কৃষকেরা মাঠে গিয়ে গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে। এরপর থানায় নিহত ব্যক্তির ভাই সাইফুর লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ২৯ ফেব্রুয়ারি গান্না ইউনিয়ন জামায়াতের কর্মী ও মাদ্রাসাশিক্ষক আবু হুরাইয়ার (৩২) লাশ যশোরের চৌগাছা উপজেলায় পাওয়া যায়। তিনি একই ইউনিয়নের অশ্বস্থলী গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
নিহত ব্যক্তির ভাই আবদুল মালেক বলেন, আবু হুরাইয়াকে গত ২৪ জানুয়ারি কর্মস্থল কুটি-দুর্গাপুর দাখিল মাদ্রাসা থেকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যায় সাদাপোশাকের কয়েকজন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। এরপর ২৯ ফেব্রুয়ারি তাঁর লাশ পাওয়া যায়।
এদিকে গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতের নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ (৬২)। তাঁর ছেলে মুজাহিদুল ইসলাম জানান, তাঁরা বাবা সাইকেল মেরামত করতে শহরের একটি মোটরসাইকেল গ্যারেজে গিয়েছিলেন। এ সময় পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তাঁকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করতে গেলেও নেয়নি।
নুর মোহাম্মদকে আটকের বিষয়টি অস্বীকার করেন ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় থানায় কেউ জিডি করতে আসেনি।
জামায়াতের বিবৃতি: ঝিনাইদহে দলের দুই নেতাকে ধরে নিয়ে যাওয়ার পর গুলি করে হত্যা ও আরেক নেতাকে আটকের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করছে বলে অভিযোগ করেছে জামায়াত। গতকাল এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন। সরকার ঝিনাইদহ জেলাকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করেছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ডিবি পুলিশ জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির হাসিবুল আলমকে গ্রেপ্তার করেছে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও এখন সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়।