ঝিনাইদহে কারাধ্যক্ষের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ জেলা কারাগারের কারাধ্যক্ষ দিদারুল আলমের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল রোববার মামলা করা হয়েছে। কারাগারে বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহার, মারধর করা ও আসামিদের সময়মতো মুক্তি না দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে করা এই মামলায় মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন কারাধ্যক্ষকে ৮ নভেম্বর হাজির থেকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গত শনিবার জুডিশিয়াল সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করেন, কারাগারে বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তাঁদের মারধর করা হয়। এমনকি আদালত থেকে মুক্তির আদেশ কারাগারে যেদিন যায়, সেদিন ওই আদেশ আটকে রেখে পরের দিন মুক্তি দেওয়া হয়। এসব অভিযোগ সম্পর্কে অবহিত হন মুখ্য বিচারিক হাকিম। এদিকে গতকাল মুখ্য বিচারিক হাকিম স্বতঃপ্রণোদিত হয়ে তাঁর আদালতে এ-সংক্রান্ত একটি মিস মামলাগ্রহণ করেন।
দিদারুল আলম বলেন, কারাগারে বর্তমানে কোনো অনিয়ম নেই। কোনো বন্দীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও নেই।