ঝিনাইদহে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ পৌর শহরে গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই ছাত্রী মারা যায়। গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলায় এক মাছের ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও পটুয়াখালীর বাউফলে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: দূরসম্পর্কের এক মামার প্রেমের খবর ফাঁস করায় পৌর শহরের নিজ-মথুরাপুর গ্রামে বৈশাখী খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈশাখী ওই গ্রামের আবদুস সামাদের মেয়ে। সে স্থানীয় আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বৈশাখীর বোন ছাবিনা খাতুন জানান, তাঁর চাচা আলমগীর হোসেনের শ্যালক উজ্জল হোসেন একটি মেয়ের সঙ্গে প্রেম করেন। বিষয়টি বৈশাখী দেখতে পেয়ে চাচিকে জানায়। এ নিয়ে উভয় পরিবার গত বুধবার কলহে জড়ায়। একপর্যায়ে আলমগীরের পরিবারের লোকজন বৈশাখীর গলায় ওড়না পেঁচিয়ে টেনে ধরে। এতে সে গুরুতর আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বৈশাখীকে ফরিদপুর মেডিকেলে পাঠানোর পথে ফরিদপুর শহরে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।
খুলনা: ডুমুরিয়ার শরাপপুর গ্রামে নিজের ঘেরের বাসা থেকে নান্টু শেখ (২৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত নান্টু শেখ উপজেলার মৈখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রুহুল আমিনের স্ত্রী অঞ্জনা ও রেজোয়ান শেখ নামের একজনকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তা সেবন করিয়ে গলায় ফাঁস ও চোখে-মুখে আঘাত করে নান্টু শেখকে হত্যা করা হয়েছে। আটক দুজন খুনের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুর: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার চর রামচন্দ্রপুর এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এলাকাসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরনে চেক লুঙ্গি ও কোমরে গামছা বাঁধা ছিল।
বাউফল (পটুয়াখালী): উপজেলার ছিটকা গ্রামে গতকাল সকালে পুলিশ ফরিদা বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ফরিদার স্বামী স্বপন সিকদার দাবি করেন, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর মা রেনু বেগমের সঙ্গে ফরিদার সামান্য ঝগড়া হয়। এর জেরে সে (ফরিদা) আত্মহত্যা করতে পারে।