ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লালপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী গোলেহার বেগমকে (৩৩) শুক্রবার ভোরে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বামী-স্ত্রীর বিরোধের জেরে স্বামী রুহুল আমিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ।
গোলেহার বেগম মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগরপাড়ার উম্মত আলীর মেয়ে।
পুলিশ ও গ্রামবাসী জানান, উপজেলার কাজীরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুহুল আমিনের সঙ্গে প্রায়ই স্ত্রী গোলেহার বেগমের ঝগড়া হতো। গতকাল ভোরে চিৎকার শুনে লোকজন গিয়ে দেখতে পান গোলেহার ঘরের মেঝেতে পড়ে আছেন। এ সময় গোলেহারের শরীরে এলোপাতাড়ি জখমের চিহ্ন দেখতে পান তাঁরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী রুহুল আমিনকে বাড়িতে দেখতে পাননি। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ গিয়ে গোলেহারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, গোলেহার বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উম্মত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। রুহুল আমিনকে আটকের চেষ্টা চলছে।