ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদরে গৃহবধূকে ভাড়াবাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার গৃহবধূর স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে ওই গৃহবধূকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম নুরুন্নাহার বেগম (৩০)। বুধবার রাতে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ নুরুন্নাহারকে শহরের পাগলাকানাই এলাকার ওই বাড়ি থেকে উদ্ধার করে। উদ্ধারের পর তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের সহযোগিতায় সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ১৪ বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে নুরুন্নাহারের বিয়ে হয়। নুরুন্নাহারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বিয়ের পর এ দম্পতির দুটি সন্তান হয়। তবে বিয়ের সাত বছরের মাথায় শহিদুল দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর ওপর নির্যাতন শুরু হয়।
ওসি বলেন, শহিদুল ইসলাম কোনো কারণে এলাকা ছেড়ে ঝিনাইদহে এসেছেন। এখানে ২০-২২ দিন আগে পাগলাকানাই এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তিনি। সেখানে ১৮ ফেব্রুয়ারি তাঁর প্রথম স্ত্রী এলে তাঁকে আটকে নির্যাতন শুরু করা হয়। তাঁকে ঠিকমতো খাবার দেওয়া হতো না। পানি চাইলেও তাঁকে মারধর করা হতো। তাঁকে রড দিয়েও আঘাত করা হয়েছে।
কয়েকজন প্রতিবেশী বলেন, ওই বাড়ি থেকে মাঝেমধ্যে কান্নার শব্দ শোনা যেত। বুধবার দিবাগত রাত একটার দিকে বাড়ির ভেতর থেকে নারীর আর্তচিৎকার শুনে তাঁদের সন্দেহ হয়। এরপর ঘরের বাইরে থেকে আটকে তাঁরা পুলিশে খবর দেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা (শহিদুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুন) পালিয়ে যান। পরে পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে।
ওসি হাসান হাফিজুর রহমান বলেন, গৃহবধূকে বুধবার রাতেই তাঁরা উদ্ধার করেন। কিন্তু গৃহবধূর শরীর এত দুর্বল ছিল যে তিনি হাঁটাচলা করতে পারছিলেন না। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর পরিবারের কাউকে না পেয়ে পুলিশের পক্ষ থেকেই তাঁকে ওষুধপত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে নির্যাতনকারী দুজনকেই সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে আটক করা হয়।