ঝিনাইদহে ঘুমন্ত দুই বোনকে 'অ্যাসিড' নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে দুই বোনকে লক্ষ্য করে ‘অ্যাসিড’ ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। উপজেলার ফতেপুর ইউনিয়নে গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর অ্যাসিড ছুড়ে মারা হয়। তবে কে বা কারা এবং কেন মেরেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি আক্রান্ত দুই বোন এবং তাদের পরিবারের সদস্যরা।

দুই বোনের বয়স যথাক্রমে ১৭ ও ৬ বছর। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ঘাড়ে এবং পিঠের কিছু অংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ওই দুই বোনের চাচাতো ভাই বলেন, দুই বোন সোমবার রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে হঠাৎ তারা চিৎকার করে ওঠে। এ সময় বাড়ির অন্যরা ঘুম থেকে উঠে দেখেন, তাদের লক্ষ্য করে জানালা দিয়ে ‘অ্যাসিড’ ছোড়া হয়েছে। জানালার বাইরে একটি সিরিঞ্জ পড়ে ছিল। খুব সম্ভবত এটি দিয়ে অ্যাসিড ছোড়া হয়। তবে দুই বোন মশারির ভেতরে থাকায় অ্যাসিড শরীরে খুব একটা লাগেনি। সিরিঞ্জটি পুলিশ জব্দ করে নিয়ে গেছে।

আক্রান্ত বড় বোন কলেজছাত্রী। পরিবারের সদস্যদের ধারণা, বড় মেয়েকে লক্ষ্য করেই অ্যাসিড ছোড়া হয়েছে। কিন্তু ছোট মেয়েটি জানালার কাছে থাকায় তার শরীরে বেশি লেগেছে। এ ঘটনার কয়েক দিন আগে গ্রামের এক যুবক বড় মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওই যুবক ক্ষুব্ধ হন। এ ঘটনার সঙ্গে ওই যুবক সম্পৃক্ত থাকতে পারেন বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূপুর পারভীন বলেন, দুই বোনের ঘাড়ে এবং পিছে দাহ্য কোনো পদার্থ ছোড়া হয়েছে। তবে অ্যাসিড কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। সিরিঞ্জের কথা শুনেছি, কিন্তু তা পাইনি। ঘটনা তদন্ত করে দেখা হবে।’