ঝিনাইদহে ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম ওরফে রবিকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিউল সদর উপজেলার ছোটকামারকুণ্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে ব্যাপারীপাড়া এলাকার এতিমখানার সামনে শাপলা চত্বরে রবিউল তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত তাঁকে ধাওয়া করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা পাড়ার ভেতরেই রাম দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাঁকে জখম করে ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক রানা হামিদ বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রবিউলকে কুপিয়ে আহত করতে পারে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রবিউলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করায়।